ক্রেতা-বিক্রেতা পলাতক, আবাসন খাতে অস্থিরতা
Pressclubnews24
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫
দেশের আবাসন খাত মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ফ্ল্যাট ও প্লট বিক্রি কমে গেছে অর্ধেকেরও বেশি, অনেক ক্রেতা মাঝপথে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে কিছু বিক্রেতা প্রকল্প বন্ধ করে উধাও হয়ে গেছেন। এতে কয়েক লাখ শ্রমিক বেকার হওয়ার শঙ্কায় রয়েছে।
রিহ্যাব জানিয়েছে, ড্যাপ নীতির জটিলতা, অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ বাতিল এবং ধনী-প্রভাবশালীদের দেশত্যাগের ফলে এই সংকট তৈরি হয়েছে। গত এক বছরে নতুন প্রকল্প নেওয়ার হার ৭০–৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
নির্মাণসামগ্রীর বাজারেও ধস নেমেছে। রড, সিমেন্ট, ইটসহ প্রায় সব পণ্যের বিক্রি কমেছে ৫০ শতাংশের বেশি। এতে পরিবহন ও শ্রম মজুরি বৃদ্ধির হারও কমে গেছে।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, সংকট নিরসনে ড্যাপ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাত্র ৩৯টি লাক্সারি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ৭২৮টি।
তবে ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটে কিছুটা বিক্রি বজায় আছে। বিশ্লেষকদের মতে, জরুরি নীতিগত হস্তক্ষেপ ছাড়া আবাসন খাতের এই ধস থেকে উত্তরণ সম্ভব নয়।

